Bangla golpo
একদা এক দেশে প্রভাবশালী , প্ৰজাবৎসল এবং মহানুভব রাজা ছিলেন। তিনি বিপদ-আপদে রাজ্যের সকল প্ৰজাদের পাশে থাকতেন।
একবার রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে গরিব দুঃখীঅসহায় মানুষরা হাহাকার করতে লাগল।
প্রজাদের এমন করুণ পরিস্থিতিতে তিনি সব সময চিন্তাগ্রস্থ হয়ে পড়লেন। ঠিকমত খাওয়া নাই ঘুম নাই, এতে তার শরীর ভেঙ্গে পড়ল। তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন।
কয়েক বছরে দেশ-বিদেশ থেকে খ্যাতনামা ডাক্তাররা তাকে সুস্থ করতে ব্যর্থ হলো। অবশেষে ইরানের এক রাজ চিকিৎসক দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা করে একটি উপায় বের করতে সক্ষম হলেন।
তিনি বললেন যে অল্পবয়স্ক বালকের কলজে দিয়ে তৈরি ওষুধে রাজা সুস্থ হয়ে যাবেন। এ খবর রাজ্যের সমস্ত এলাকায় জানিয়ে দেয়া হলো, সাথে এও বলা হলো, যে কলিজা দান করবে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা দেয়া হবে।
এক পিতা টাকার বিনিময়ে তার ছোট্ট ছেলেকে বিক্রি করে দিলেন। বাদশার মন্ত্রী বললেন,"বালকটির জীবন থেকে রাজার জীবন যেহেতু অনেক মূল্যবান, তাই তার জীবনের বিনিময়ে রাজার জীবন রক্ষা করা অন্যায় কিছু হবে না"।
যখন বালকটিকে হত্যা করার জন্য বধ্যভূমিতে নেয়া হলো তখন বালকটি আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগল।
বালকটির হাসি দেখে রাজা খুব বিচলিত হলেন। তিনি বালকটিকে কাছে ডেকে এমনভাবে হাসার কারন সম্পর্কে জানতে চাইলেন।
ছেলেটি তখন বলল যে তার জীবনটাই তো হাসির। পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানদের রক্ষা করা। কিন্তু তার পিতা টাকার বিনিময় তাকে বিক্রি করে দিল।
রাজার কর্তব্য তো নিজের জীবনের মায়া ত্যাগ করে অন্যের জীবন রক্ষা করা। সুখে-দুখে, বিপদে-আপদে সব সময় প্রজাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করা।
কিন্তু রাজা সে তো নিজের জীবন রক্ষা করার জন্য অপরের জীবনকে তুচ্ছ ভাবল। বালকটির এমন হৃদয়গ্রাহী কথা শুনে রাজা তার প্রতি অসীম মমতায় কাতর হয়ে পড়লেন। তিনি তৎক্ষণাৎ ছেলেটিকে মুক্ত করে দিলেন।
আনন্দের খবর ছিল এটাই যে কিছুদিন পর রাজাও সুস্থ হয়ে গেলেন।
0 Comments